স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার মোস্তাসেরুল আলম অনিন্দ্য এবং তার দুই সহযোগী রবিন ও ফয়সালের পাঁচদিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত।
রবিবার বেলা ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে সাতদিনের রিমান্ড চায় পুলিশ। শুনানী শেষে বিচারক মামুনুর রশিদ তাদের পাঁচ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
এর আগে শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের মামলাটি দায়ের করেন এসআই রেজাউল করিম। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক মোতালেব হোসেনকে।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরীর কাদিরগঞ্জ ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালায়। এসময় অনিন্দ্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। কোচিং সেন্টার থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ।