৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে গ্রেফতার সেই অনিন্দ্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের

Admin Published: August 17, 2025, 12:03 pm
রাজশাহীতে গ্রেফতার সেই অনিন্দ্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিষ্ফোরকসহ গ্রেফতার কোচিং সেন্টারের পরিচালক সেই মোস্তাসেরুল আলম অনিন্দ্য ও তার অপর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। মামলায় মোস্তাসেরুল আলম অনিন্দ্য ছাড়াও দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালকে (৩০) আসামী করা হয়েছে।

রবিবার নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন এ মামলাতেই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন জানিয়েছেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।

প্রসঙ্গত, যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। সম্পর্কে তিনি আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। নগরের কাদিরগঞ্জ এলাকায় নিজ বাড়ির পাশেই ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন তিনি। শনিবার ভোররাত থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ কোচিং সেন্টারে অভিযান চালায়। এসময় অনিন্দ্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযান আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়।