স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টানানো একটি ‘উদ্বোধনী’ ব্যানার ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
শনিবার দুপুরে নগরের কুমারপাড়া এলাকায় ধংসস্তুপের সামনে টাঙানো ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। শনিবার বিষয়টি জানাজানি হলে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনাস্থলে নেতৃত্ব দেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। উপস্থিত নেতাকর্মীরা ব্যানারটি নামিয়ে টেনে ছিঁড়ে ফেলেন এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেন।
বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু বলেন, অস্তিত্বহীন একটি কার্যালয়ের সামনে উদ্বোধনী ব্যানার টানানো হয়েছে এ খবর পেয়ে তারা সেখানে যান। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হয়। কয়েকজনকে ব্যানার নিয়ে এলাকা ত্যাগ করতে দেখা গেলেও তাদের চেহারা স্পষ্ট বোঝা যায়নি। পরে উপস্থিত নেতাকর্মীরা ব্যানারটি অপসারণ করে আগুনে পুড়িয়ে দেন।
নগরীর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারটি টাঙিয়ে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে সেটি পুড়িয়ে ফেলার ঘটনাও তারা জেনেছেন।