স্টাফ রিপোর্টার : নূন্যতম মজুরি, ৮ ঘণ্টা কর্মদিবস ও ঈদ বোনাসসহ ৬ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করেছে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা। সমাবেশ থেকে রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধসহ এক মাসের মজুরি সমপরিমাণ বোনাসেরও দাবি জানানো হয়।
শনিবার বিকেলে নগরীর গণকপাড়া মোড়ে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল মালেকের সমাবেশে বক্তব্য দেন, ফিরোজ হোসেন, মো. মিঠুন, আজাদ, ও মো. জাহিদ।
বক্তারা বলেন, হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের জন্য সরকার চারটি গ্রেডে নূূন্যতম মজুরি গেজেট ঘোষণা করেছে। এরমধ্যে সর্বনিম্ন গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০ টাকা। কিন্তু অধিকাংশ মালিকপক্ষ এই গেজেট বাস্তবায়ন করছে না। শ্রমআইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ৮ ঘণ্টা কর্মদিবসের পরিবর্তে অতিরিক্ত সময় কাজ করিয়েও দ্বিগুণ মজুরি দেওয়া হয় না।
সমাবেশ থেকে বক্তারা শ্রমিকদের সাপ্তাহিক ছুটি, সবেতনে বাৎসরিক ছুটি, উৎসব ছুটি, নৈমিত্তিক ও অসুস্থতাজনিত ছুটিসহ শ্রম আইনে উল্লেখিত সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানানো হয়। এছাড়া ছয় দফা দাবিও তুলে ধরা হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকার ঘোষিত নূন্যনতম মজুরির গেজেট অবিলম্বে বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস চালু ও ট্রেড ইউনিয়ন করার কারণে হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ। সমাবেশ থেকে বক্তারা তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন।