মারুফ হাসান বিশাল : টানা কয়েক দিনের প্রচণ্ড দাবদাহের পর রাজশাহীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয় এই আকস্মিক বৃষ্টিপাত। বৃষ্টির পরশে কেউ পেয়েছেন স্বস্তি, আবার অনেকেই পড়েছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে শহরের ব্যস্ততম এলাকা বর্ণালীর মোড়ে দেখা দেয় যানবাহনের সংকট।
বৃষ্টির কারণে রাস্তায় চলাচলকারী যানবাহনের সংখ্যা হঠাৎ করে কমে যায়। যাত্রীদের কেউ কেউ ছাতা মাথায় আবার কেউ ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকেন গাড়ির অপেক্ষায়। এ সময় কেউ কেউ ভেজা কাপড়েই হেঁটেই রওনা দেন নিজেদের গন্তব্যে।
এক যাত্রী বলেন, “অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো অটো বা রিকশা পাচ্ছিলাম না। বৃষ্টিতে পুরো ভিজে গেছি। শেষে বাধ্য হয়ে হাঁটাই শুরু করলাম।
স্থানীয় দোকানিরা জানান, হঠাৎ বৃষ্টিতে আশপাশের অনেক মানুষ দোকানের ছাউনির নিচে এসে আশ্রয় নেন। তবে যান চলাচল স্বাভাবিক না থাকায় যাত্রীদের দুর্ভোগ দীর্ঘ হয়।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের আবহাওয়া বর্তমানে মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় রয়েছে। এতে আগামী কয়েকদিন দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।