স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন ঘোষ তুফান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকার এক বাসায় ইন্টারনেট সংযোগ দিতে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হন তিনি।
মারা যাওয়া তুফান নগরের সিপাইপাড়া এলাকার বাসিন্দা রাজেন কুমারের ছেলে। নগরের মতিহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কাদেরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় তুফান তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ব্যাপারে মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।