স্টাফ রিপোর্টার : জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেনের স্মরণে রাজশাহীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি এ আয়োজন করে। সভার শুরুতে প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা রবীন্দ্রনাথ সরেনের সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘দেশ ও দেশের বাইরে আদিবাসীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন রবীন্দ্রনাথ সরেন। তিনি আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করে গেছেন। তার অবদান সমগ্র আদিবাসী জাতি মনে রাখবে।’
তারা বলেন, ‘রবীন্দ্রনাথ সরেন সৎ ও সাহসী নেতা ছিলেন। অসুস্থ হওয়া সত্ত্বেও আদিবাসীদের অধিকারের জন্য তার যে প্রাণবন্ত অবদান সেটি আদিবাসী জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান স্মরণসভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- সহ-সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সহ-সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক টুনু পাহান, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম প্রমুখ।#