স্টাফ রিপোর্টার : ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- এই প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে রাজশাহীর আদালত চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস।
পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস বলেন, যে উদ্দেশ্য নিয়ে ২০০০ সালে এই আইনটি তৈরি করা হয়েছিল তা অনেকটা বাস্তবায়িত হয়েছে। সরকার সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে এ আইনটি পাশ করেছিল।
অনুষ্ঠানে মহানগর দায়রা জজ আল আসাদ মো. আসিফুজ্জামান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক, রাজশাহী নগর পুলিশের উপপুলিশ কমিশনার গোলাম রাব্বানী শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা প্রমুখ বক্তব্য রাখেন।