স্টাফ রিপোর্টার : ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’- প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক অফিয়া আখতার। পরে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। আমার সামনে যারা বসে আছেন তারা প্রথম শ্রেণির নাগরিক। আমরা তাদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে সেবা দিতে চাই। আমি যখন প্রথম শ্রেণির সেবা দিব তখন আমার মর্যাদা আপনা-আপনি প্রথম শ্রেণির হয়ে যাবে। রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক।
এদিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) এ পালিত হয়েছে জাতীয় গ্রন্থগার দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।