স্টাফ রিপোর্টার: জলবায়ূ অর্থায়নে রাজশাহীতে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহীর হোটেল এক্সের হলরুমে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সহযোগীতা করে অক্স্রফাম ইন বাংলাদেশ। সভায় সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি এবং অংশীজনরা অংশ নেন।
এসিডি প্রজেক্ট কোঅর্ডিনেটর সুব্রত পালের সঞ্চালনায় পরামর্শ সভায় মূখ্য আলোচক হিসেবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান।
উপস্থাপনায় তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক সূত্র থেকে বাংলাদেশের ন্যায্য প্রাপ্য অর্থপ্রবাহ নিশ্চিত করার উপর জোর দেন। জাতীয় ও আন্তর্জাতিক উভয় সূত্র থেকে প্রাপ্ত অর্থব্যয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা তথা সার্বিকভাবে সুশাসন নিশ্চিত করাও সমভাবে অপরিহার্য বলে উল্লেখ করেন।
এসময় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, জলবায়ু তহবিল বন্টন ব্যবস্থাপনা স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও বিশেষ করে ক্ষতিগ্রস্থ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ সকল স্টেকহোল্ডারকে অংশগ্রহণমূলক সুশাসন নিশ্চিত করা সম্ভব না হলে একদিকে যেমন এ তহবিলের মূল লক্ষ্য উদ্দেশ্য পূরণ কঠিন হবে তেমনি জাতীয় ও আন্তর্জাতিক সূত্র থেকে অর্থপ্রবাহের সম্ভাবনা ক্ষতিগ্রস্থ হবে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, সেক্ষেত্রে নারীদের জলবায়ু সংগ্রামের দলিল সংরক্ষণ, নীতিনির্ধারকদের সঙ্গে সক্রিয়ভাবে সংলাপ এবং লিঙ্গ-সংবেদনশীল আইন ও নীতি তৈরির আহ্বান জানান।
সভায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকেশলী মুক্তাদির রহমান, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনম শিরিন, রাজশাহী দুগ্ধ উন্নয়ন খামারের উপপরিচালক ড. ইসমাইল হক, বিএডিসি উপপরিচালক কেএম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, ফল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, মেট্রোপলিটান কৃষি কর্মকর্তা পাপিয়া রহমান মৌরি, রাজশাহী বেতারের সহকারী পরিচালক অভিজিত সরকার, বাসসের স্পেশাল করসপন্ডেট ড. আইনুল হক, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার কাজী শাহেদ, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, যমুনা টেলিভশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, স্থানীয় দৈনিকের স্টাফ রিপোর্টার মাইনুল হাসান জনি, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম, ব্লাস্টের সমন্বয়কারী সামিনা বেগম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. হেমায়েতুল ইসলাম আরিফ তাদের মতামত তুলে ধরেন।