স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগররের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের তথ্য সম্বলিত ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সকালে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি অনুষ্ঠানে বলেন, ‘শহীদদের যথাযথ মর্যাদা দেয়ার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চেতনার বাস্তবায়ন করা হবে। কিন্তু গণহত্যার সাথে জড়িতরা এখনো দেশের ভেতর ঘাপটি মেরে থেকে নানারকম বিশৃংখলা তৈরির চেষ্টা করছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের রাজশাহী মহানগরের আমীর মাওলানা ড. কেরামত আলী। রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও অধ্যাপক শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের আহব্বায়ক এরশাদ আলী ইশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মাইন উদ্দিন, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, নাটোর জেলা আমীর মীর নুরুল ইসলাম প্রমুখ।