স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং গ্রামে আদিবাসী কোল সম্প্রদায়ের পাঁচটি পরিবারকে উচ্ছেদ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আদালতের একতরফা রায়ের ভিত্তিতে আদিবাসীদের উচ্ছেদ করা হয়। এতে পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে বর্তমানে বাঁশঝাড়ের নিচে মানবেতর জীবনযাপন করছে।
কর্মসূচিতে অভিযোগ করা হয়, আদালতের কোনো নোটিশ ছাড়াই তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। ফলে তারা খাট, চেয়ার, টেবিলসহ কোনো আসবাবপত্রই বের করতে পারেননি। তাদের দাবি, উচ্ছেদ হওয়া ভূমি তাদের পৈত্রিক সম্পত্তি এবং ১৯৫০ সালের টেনেন্সি আইনের ৯৭ ধারায় আদিবাসীদের কাছ থেকে ভূমি ক্রয়ে প্রশাসনের অনুমতি প্রয়োজন হয় এই ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়নি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। অন্যদের মধ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ্ চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি রাজকুমার শাও, প্রেসিডিয়ার সদস্য ক্রিষ্টিনা বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সংগঠনিক সম্পাদক রূপচাঁদ এক্কা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহবুব জামান কাদেরী, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, মাসাউসের পরিচালক মেরিনা হাসদা, আদিবাসী পরিষদের রাজশাহীর জেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিলুফা আহম্মেদ, ডাসকোর রুহুল আমিন, নলিন সরদার, ভুক্তভোগি পরিবারের রুমালী হাসদা, ভুট্টু কিস্কু, সুজন সরেন, সনাতন সরেনসহ স্থানীয়রা বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন, জমির মালিকানা ফিরিয়ে দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।