স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী থেকে কোটি টাকা মূল্যের এককেজি হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারী সিয়ামকে (১৯) গ্রেফতার করেছে র্যাব। রবিবার দিবাগত গভীর রাতে জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ সিয়ামকে গ্রেফতার করা হয়। সিয়াম উপজেলার মাদারপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সর্বদা তাদের গতিবিধি অনুসরণ ও পর্যালোচনা করছিলো। এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, সিয়াম দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণে হেরোইনের চালান সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে নিজ বাড়ীতে মজুদ করে রাখে এবং দেশের
বিভিন্নস্থানে পৌছে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে হেরোইন কারবারের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। র্যাব জানায়, সিয়াম সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশে সীমান্তের ওপার হতে বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ বপুল পরিমান মাদক সরবরাহ করেছে বলে জানায়। তার বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।