স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের আধুনিক কারিগরি প্রশিক্ষণে অভিগম্যতা বৃদ্ধি ও প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান নিশ্চিতে অংশীজনদের সমন্বয় সভায় জোরালো ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়েছে। এ সভায় অংশ নিয়ে রাজশাহী যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেস্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, সংস্থার নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক মো. সারওয়ার-ই-কামাল স্বপন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন, সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন সহকারী সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন।
সভায় রাজশাহী মহিলা টিটিসি, কারিতাস, যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইউসেফ ও যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তারা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির আশা প্রকাশ করা হয়।
সভায় বলা হয়, একটি জ্ঞানমুখী, প্রশিক্ষিত, দক্ষ ও আদর্শ যুবসমাজ জাতির চালিকাশক্তি। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বৃহত্তর জনগোষ্ঠি বাঙালীর পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অবদান অনস্বীকার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবসমাজকে মূলধারার অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা অপরিহার্য।
সভায় যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের চাহিদা ও স্থানীয় বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ পৃথক কারিগরি প্রশিক্ষণ কোর্স চালুর আশ্বাস দেন। বিশেষ করে ঐতিহ্যবাহী হস্তশিল্প-বাঁশ, বেত ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরী পণ্যের আধুনিক ডিজাইন ও বাজারজাতকরণ ব্যবস্থাপনা, আধুনিক কৃষি ও বিকল্পচাষাবাদ, তথ্য ও প্রযুক্তিগত, এগ্রো প্রসেসিং, ইত্যাদি বিষয়ে নতুন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি মো. সারওয়ার-ই-কামাল স্বপন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকদের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। এই নেটওয়ার্কিং সভাটি সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর পদক্ষেপ, যা সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণে বিভিন্ন সুপারিশও তুলে ধরা হয়।
সভায় সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর প্রসাদ কুমার সরকার, বিসিক রাজশাহীর উপ ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক আশিকুর রহমান ও ইউসেফ রাজশাহীর প্রতিনিধি তাহমিদা খাতুন প্রমুখ অংশ নেন।