স্টাফ রিপোর্টার : পায়ুপথে বিশেষ কায়দায় বহনকালে ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। এ সময় শাহানুর রহমান ওরফে শাহীন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শাহীন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পানকা গ্রামের রমজান আলীর ছেলে।
রবিবার সকালে রাজশাহী র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা আড়াইটার দিকে বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশনে ট্রেনযোগে আসা মাদক কারবারি শাহিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পায়ুপথে বিশেষ ব্যবস্থায় লুকায়িত ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শাহীন মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সে ইয়াবা গাঁজা হেরোইন বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর তাকে জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।