স্টাফ রিপোর্টার: তীব্র খরতাপে পুড়ছে উত্তরের জনপদ রাজশাহী। আজ বুধবার চলতি মৌসুমে ৪০ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। বুধবার বিকেল ৩টায় জেলায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ।
একই দিনে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশ। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
এদিন সকাল তেকেই তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছে স্থবির। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের কাজ করতে হচ্ছে প্রখর রোদে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, এ বছর গত ২০ এপ্রিল ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি। এ ছাড়া ২১ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৩ ডিগ্রি বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।
এ প্রেক্ষিকে রাজশাহীতে দুপুরের দিকে মানুষের চলাচল কম দেখা গেছে। নগরীর মহিষবাথান এলাকার অটোচালক আকবর হোসেন বলেন, সড়কে মানুষের উপস্থিতি কম। পাকা সড়কে রোদের মধ্যে রিকশা চালানো যাচ্ছে না। একদিকে গরম, অন্যদিকে রোদ। সবমিলে সড়কে টেকা যাচ্ছে না। বাড়ির কলের পানিও গরম হয়ে উঠেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, বুধবার বিকেল ৩টায় রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।