স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে শনিবার রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী নগরীতে শোভাযাত্রা বের করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।
সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামাল কাদেরী, মুক্তিযোদ্ধা তথ্য সংগ্রাহক ও সমাজকর্মী ওয়ালিউর রহমান বাবু, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ী সভাপতি রবিন্দ্রনাথ হেম্ব্রম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের তাৎপর্য ও জাতীয় আদিবাসী পরিষদের নয় দফা দাবির ভিত্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে জেলার গোদাগাড়ী কাকনহাটে রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শতাধিক সদস্যবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়। পরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা। পথসভায় স্বাগত বক্তব্য দেন সিসিবিভিওর উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী, পশ্চিম কাদমা ফুলবাড়ি রক্ষাগোলা সংগঠনের মোড়ল লুইস কিস্কু প্রমুখ।