৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন শুরু

Admin Published: July 5, 2025, 2:43 pm
রাজশাহীতে নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগর পুলিশে নবনিযুক্ত পুলিশ সদস্যদের ১৫ তম ব্যাচের ওরিয়েন্টেশন শুরু হয়েছে। শনিবার আরএমপি পুলিশ ট্রেনিং স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় পুলিশ কমিশনার বলেন, মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে হবে সর্বদা। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশ কমিশনার বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তোমাদের হাতে-কলমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী কোর্সে মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।