স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে সাব্বির হোসেন (২৬) নামে এক নিরাপত্তাকর্মীকে মারধর এবং ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরিফুল ইসলাম আরিফ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার আরিফ রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘটনার শিকার সাব্বির লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট দুপুরে তিনি দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবা প্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে কথা বলছিলেন।
এ সময় রোগী ধরার দালাল হিসেবে পরিচিত আরিফসহ কয়েকজন সেখানে এসে আরিফকে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রচার করতে নিষেধ করে। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানালে অভিযুক্তরা তাকে মারধর এবং গালাগাল করেন। একপর্যায়ে আরিফ ধারালো দেশীয় অস্ত্র সাব্বিরের গলায় ধরেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর মহানগরীর রাজপাড়া থানা পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে এবং এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামির হেফাজতে থাকা দেশীয় অস্ত্রটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে রাজপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।