৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে নির্মাণাধীন ফ্লাইওভারসহ সব উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ

Admin Published: April 19, 2026, 5:22 pm
রাজশাহীতে নির্মাণাধীন ফ্লাইওভারসহ  সব উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চলমান অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পসমূহ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

রবিবার দুপুরে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার, হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ এবং কাঠালবাড়িয়া মোড় থেকে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং ও রিটেনিং ওয়াল নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব পাওয়ার পর থেকেই চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার জন্য কাজ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ অল্প সময়ের মধ্যেই শেষ হবে এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে অন্যান্য ফ্লাইওভার ও চলমান উন্নয়ন প্রকল্প দ্রুতগতিতে সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। ৩০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মহানগরীর ৩০টি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মশক নিধনে প্রয়োজনীয় কীটনাশক ও ফগার মেশিন ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই একযোগে বিভিন্ন ওয়ার্ডে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় মহানগরীকে বিশ্বদরবারে তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে নগরীর কাঠালবাড়িয়া মোড় থেকে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত সড়ক ও অবকাঠামো উন্নয়ন কাজ এবং গুলজারবাগ লেকের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসক। পরে তিনি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ ও হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় গোরস্থানে অতিরিক্ত মাটি অপসারণের দাবি জানালে তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।