স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে নির্মিত হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স। নগরীর কাশিয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে ৩৩ শতক জমির ওপর এ তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে। ইতিমধ্যে এ ভবনের বেসমেন্ট ঢালাইয়ের মধ্যদিয়ে কমপ্লেক্স নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) কর্মকর্তা-কর্মচারী এবং গণপূর্ত দফতরের নির্বাহী ও উপবিভাগীয় প্রকৌশলীদের উপস্থিতিতে বেসমেন্ট ঢালাই শুরু হয়।
সরকারের গণযোগাযোগ অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের ১ম পর্যায়ের অধীন এ ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের প্রাক্কলিত ব্যায় ১৬ কোটি ৬৯ লক্ষ ৯৬ হাজার ৪০১ টাকা তবে চুক্তিপত্রের গৃহীত মূল্য ১৫ কোটি দুই লক্ষ ৯৬ হাজার ৭৬১ টাকা।
রাজশাহী জেলা তথ্য অফিস ও আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) জন্য অফিস অবকাঠামো ছাড়াও সাততলা ভবনে আধুনিক সিনেপ্লেক্স, ডিজিটাল ল্যাব ও ডিজিটাল আর্কাইভ, অডিও ভিজ্যুয়াল সার্পোট সম্বলিত এডিটিং প্যানেলসহ পূর্ণাঙ্গ মিডিয়া হাব, কনফারেন্স হলসহ প্রশিক্ষণ হল থাকবে। ২০২৬ সালের মার্চ নাগাদ ভবনটির নির্মাণ কাজ শেষ হবে বলে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।