স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে নগরীর নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদী সিফাত (২৬) ও ছাত্রলীগ কর্মী তাওহীদ তিতুমীর ওরফে শেখ মোহাম্মদ তাওহীদ (২০)। এদের মধ্যে মোহাম্মদী সিফাত রাজশাহী মহানগরীর বড় কুঠিপাড়ার বাসিন্দা সেলিম শেখের ছেলে আর তাওহীদ তিতুমীর একই থানার হেতেমখাঁ এলাকার বাসিন্দা মামুনের ছেলে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হামলা, বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা গা-ঢাকা দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।