৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে অনুষ্ঠিত হলো আদিবাসী কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা

Admin Published: December 26, 2025, 6:05 pm
রাজশাহীতে অনুষ্ঠিত হলো আদিবাসী কনটেন্ট ক্রিয়েটরদের  মিলন মেলা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রথমবারের মত আদিবাসী কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় কারিতাস হলরুমে অনুষ্ঠিত এ মিলনমেলায় শতাধিক কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন। 

নৃত্য-সঙ্গীতের পাশাপাশি অনুষ্ঠিত মিলনমেলায় আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ, পারস্পরিক ঐক্য গড়ে তোলা, জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আদিবাসী কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ক্রিয়েটররা।

সকালে মিলন মেলার ক্রিয়েটরদের আহবায়ক আদিবাসী সমাজকর্মী ও সংগঠক সাবিত্রী হেমরম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের প্রথমে আলোচনা পর্বে অংশ নেন কনটেন্ট ক্রিয়েটর ড. শ্যামলী খালকো, প্রদীপ মার্ডী ও সুমি মুর্মু। 

বক্তারা বলেন, ডিজিটাল দুনিয়ায় আদিবাসীদের জীবন, ভাষা, সংস্কৃতি ও আর্থিক উন্নয়নসহ সংগ্রামের কথা তুলে ধরতে কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিজেদের গল্প নিজেদের ভাষায় তুলে ধরে ভাষার প্রচলন ও সংস্কৃতি রক্ষায় এই মিলন মেলার মূল উদ্দেশ্য। আগামীতে আদিবাসীদের কন্ঠ আরো সোচ্চার হবে নেট দুনিয়ায় বলে আশা প্রকাশ করেন তারা।

মিলন মেলায় অংশ নেওয়া আদিবাসী জনগোষ্ঠীর তরুণ কনটেন্ট ক্রিয়েটররা সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও প্ল্যাটফর্ম ও ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, সংস্কৃতি ও বাস্তবতার কথা তুলে ধরেন। পাশাপাশি আদিবাসী কনটেন্ট তৈরিতে নৈতিকতা, সঠিক তথ্য উপস্থাপন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, প্রশান্ত মিন্জ, মারকুস কিস্কু, মানিক সরেন প্রমুখ। আয়োজকরা জানান, এই মিলন মেলার মাধ্যমে আদিবাসী কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটি শক্ত নেটওয়ার্ক গড়ে তোলা এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার পথ তৈরি হয়েছে।