২ আশ্বিন, ১৪৩৩
১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে পদ্মার পানি কমলেও দুর্ভোগ কাটেনি চরাঞ্চলে

Admin Published: September 15, 2026, 5:56 pm
রাজশাহীতে পদ্মার পানি কমলেও দুর্ভোগ কাটেনি চরাঞ্চলে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পদ্মা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনো কাটেনি সংকট। পদ্মার দক্ষিণ তীরের চরখিদিরপুর, খানপুরসহ বিভিন্ন চরাঞ্চলের মানুষ এখনো পানিবন্দি। ফলে নদীর পানির উচ্চতা কিছুটা কমলেও কমেনি মানুষের দুর্ভোগ।সর্বশেষ মঙ্গলবার দুপর ১২টায় পদ্মানদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ১৭ দশমিক ২৫ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার (১৮ দশমিক ০৫ মিটার) ৮০ সেন্টিমিটার নিচে। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মিটারগেজ রিডার এনামুল হক।

তিনি জানান, পদ্মার পানি বর্তমানে কমতির দিকে। আগের দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ১৭ দশমিক ২৮ মিটার এবং বিকেলে ১৭ দশমিক ২৭ মিটার রেকর্ড করা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় তা কমে ১৭ দশমিক ২৫ মিটারে দাঁড়িয়েছে।

এনামুল হক বলেন, রাজশাহী শহর রক্ষা বাঁধ নিয়ে বর্তমানে কোনো ঝুঁকি নেই। তবে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে। বাঁধের কোনো স্থানে ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পদ্মার পানি কমতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ। রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা এখনো প্লাবিত। এসব এলাকার অনেক বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া তালাইমারী এলাকা থেকে শুরু করে বাঁধসংলগ্ন বিভিন্ন এলাকার মানুষও পানির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। প্লাবিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

রাজশাহীর তালাইমারী ও পঞ্চবটি এলাকার বাসিন্দারা জানান, ‘গতকালের তুলনায় আজ পানি কিছুটা কমেছে। তবে এখনো আমাদের বাড়িঘর পানির মধ্যে। গবাদিপশুগুলোও এখনো লোকালয়ে রয়েছে।