৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

Admin Published: April 16, 2025, 1:59 pm
রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

স্টাফ রিপোর্টার :ছয়দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে রেললাইনে আগুন দিয়ে তারা অবরোধ করেন। ফলে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের সকল ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাজশাহী প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে একটি ট্রেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার এস এম হিমেল বলেন, দুপুরের দিকে ভদ্রা রেললাইনে শিক্ষার্থীরা আগুন দিয়ে অবরোধ করেন। এ ঘটনায় ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী প্রবেশের জন্য হরিয়ান রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি থেকে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। এছাড়া ছয় দফার সব দাবি মানতে হবে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলেও তারা রাজশাহী নগরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।