স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর বউ বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লাঞ্চার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করে নগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১০টায় দিকে নগরীর মির্জাপুর এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকরা মাটিকাটার সময় রকেট লাঞ্চার শেলটি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে ইনচার্জ এসআই আবুল হাসান ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন।
পরে রকেট লাঞ্চার উদ্ধারের বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগে অবহিত করা হলে তার তত্ত্বাবধানে বিকেলে আরএমপির বোম ডিসপোজাল ইউনিট শেলটি ধ্বংস করে।
লাঞ্চারটি নিষ্ক্রিয়কালে মতিহার থানার ওসি আব্দুল মালেক উপস্থিত ছিলেন। তিনি জানান, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।