স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো প্রবীণদের নিয়ে আনন্দমেলা। শনিবার দিনভর রাজশাহী নগরীর উপকণ্ঠ পবা উপজেলার আলাইবিদিরপুরে অবস্থিত প্রবীণদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান ‘সার্ভিস সেন্টার ফর এলডারলি পিপল’র এ মিলনমেলার আয়োজন করে। মিলনমেলায় প্রবীণদের মধ্য আনন্দ-বিনোদন ও সামাজিক সম্প্রীতির এক অনন্য বন্ধন সৃষ্টি করে।
‘সার্ভিস সেন্টার ফর এলডারলি পিপল’র স্থায়ী বৃদ্ধনিবাস কেন্দ্রের সাড়ে সাত বিঘা আয়তনের সবুজ-ঘেরা মনোরম ক্যাম্পাসে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। ‘বুড়ো-বুড়িগণের সেবাকেন্দ্র’ হিসেবে পরিচিত এ প্রতিষ্ঠানের এ মিলনমেলার আয়োজন প্রবীণদের মানসিক প্রশান্তির এক অনণ্য উদাহরণ বলে মনে করছেন তাঁরা। অনুষ্ঠানে সমাজকর্মী, চিকিৎসক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার মানুষ ও সুধীজন উপস্থিত হয়ে প্রবীণদের এ অনুষ্ঠান উৎসবমুখর করে তোলেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. এসএমএ মান্নান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সভানেত্রী শুভ্রা রানী চন্দ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. জুবায়দা, ডা. মুসা প্রমুখ।
বক্তারা বলেন, প্রবীণ জনগোষ্ঠী দেশের সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও জীবনের সংগ্রাম সমাজের জন্য মূল্যবান সম্পদ। বক্তারা প্রবীণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সুবিধার সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সামগ্রিক জীবনমান উন্নয়নকে ত্বরান্বিত করতে নানামুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের দিতীয়ার্ধে বক্তব্য রাখেন শুভ্রা রানী চন্দ, ডা. এসএমএ মান্নান, ডা. শিখা বিশ্বাস, ডা. মুসা, আবুল বাশার, আব্দুল মালেক, লায়ন খলিলুর রহমান ও কৃষিবিদ মনিরুজ্জামান প্রমুখ।
আয়োজকরা জানান, প্রবীণদের মানসিক সুস্থতা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে এমন আয়োজন নিয়মিত করা হবে। প্রবীণদের মুখে হাসি ফোটাতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তাঁরা।