স্টাফ রিপোর্টার :পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী নগরীতে প্রতিপক্ষের প্রকাশ্য ছুরিকাঘাতে মো. সাব্বির (২১) নামের এক যুবক খুন হয়েছে। বুধবার দুপুরে নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার শাহীন ইসলামের ছেলে। আগের দিন শাহীন ইসলামকেও মারধর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসেন (২৫) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জাসেন মাদকাসক্ত এবং এক সপ্তাহ ধরে এলাকায় তার অত্যাচার বেড়ে গেছে। সাব্বিরকে খুনের আগেরদিন তার বাবাকেও মারধর তরে জাসেন বলে জানিয়েছেন স্থানীয়রা। খুনের ঘটনার পর থেকে পালিয়েছে জাসেন।
স্থানীয়রা জানান, ছুরিকাঘাতের পর সাব্বিরকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রতিবেশীরা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধাকাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলো মাদকাসক্ত জাসেন। এরই জের ধরে বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরের বুকে ছুরি মেরেই পালিয়ে যায় সে।
নগরীর শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, লাশ হাসপাতালে নেওয়ার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।