৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর, আটক-১৮

Admin Published: July 31, 2024, 8:18 pm
রাজশাহীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর, আটক-১৮

স্টাফ রিপোর্টার : রাজশাহী কোর্ট চত্বর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এবং পুলিশের গাড়ি ভাংচুর করা হয়।
বুধবার বেলা আড়াইটার দিকে রাজশাহী আদালত চত্বরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ওই এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে ১৮ জনকে আটক করেছে। ঘটনার পর আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একাংশের নেতাকর্মীরা। আর এই কর্মসূচিকে ঘিরে বুধবার সকাল থেকেই রাজশাহীর আদালতপাড়ার নিরাপত্তা বাড়ানো হয়। বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ব্যাপক উপস্থিতি থাকা সত্বেও বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর আদালত চত্বরে আকষ্মিকভাবে জড়ো হন কিছু বিক্ষোভকারী শিক্ষার্থী। এ সময় তাদের মধ্যে জামায়াত-শিবির নেতাকর্মীরা ঢুকে পড়েন। তারা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছোড়া হয় এবং পুলিশের গাড়িও ভাংচুর করা হয়। পরে ওই এলাকায় থেকে পুলিশ ১৮ জনকে আটক করে। এই ঘটনার পর আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এছাড়া আশপাশের সড়কে চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, ঘটনার পর আদালত পাড়ায় পুলিশ মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলেও জানান।
রাজশাহীর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানিয়েছেন, আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই রাজশাহী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোথাও থেকে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে কোর্টচত্বরে পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সেখান থেকে সন্দেহভাজন হিসেবে ১৮ জনকে জিজ্ঞাসাবদেরর জন্য আটক করা হয়েছে