৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

‘রাজশাহীতে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ’

Admin Published: September 22, 2025, 6:46 pm
‘রাজশাহীতে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ’

স্টাফ রিপোর্টার: দুর্গাপূজা কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী যাতে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সবার সহযোগিতা অপরিহার্য। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার বিকেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নগরীর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে আরবমেপি কমিশনার বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসবে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আরএমপির পক্ষ হতে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মন্ডবে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আইন-শৃঙখলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সংক্রান্ত তথ্য আরএমপি’কে জানানোর জন্য আহ্বান জানান। 

পূজা উপলক্ষ্যে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার। 

মতবিনিময় সভায় আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ও ধর্মীয় সংগঠনের এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।