স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি র্যাবের মাদকবিরোধী পৃথক অভিযানে দম্পতিসহ ৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে হেরোইন, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার র্যাব ও পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী মহানগর পুলিশ জানায়, মহানগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশ গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ কারবারিকে গ্রেফতার করেছে। এরা হলো, তন্ময় ইসলাম (২৭) ও মো. রাফি (৩১) ও মো. নয়ন (৩৬)। এদের মধ্যে তন্ময় চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের তৈমুর ইসলামের ছেলে। রাফি একই এলাকার সেন্টু হোসেনের ছেলে ও নয়ন বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর সাধুরমোড়ের আফজাল হোসেনের ছেলে।
এদিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ ২০০ পিস ইয়াবাসহ আবদুর রহমান (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে। গতরাতে জেলার চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে ২০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগরাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার সিটিগেট সংলগ্ন বাইপাস এলাকায় একটি সিএনজি অটোরিকশা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি বাসুদেবপুর এলাকার মাসুম রানা (৪২) ও তার স্ত্রী শারমিন নাহার সিমা (৪০)।
র্যাব রাজশাহীর সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। র্যাব জানায়, অভিযানে ২০০ গ্রাম হেরোইন ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও নগদ ৩ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে ওই দম্পতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।