স্টাফ রিপোর্টার :রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় চোখে মরিচের গুড়া ছটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফতারকৃতের নাম অনিক ইসলাম (২৬)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল টার্মিনাল রোড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। রবিবার বিকেলে রাজশাহী নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি টিম ঈদের দিন সন্ধ্যায় নগরীর সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় ব্যবসায়ী বিপুল ঘোষের ম্যানেজার দিলীপ কুমার প্রামানিকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ১০ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের হয়।