স্টাফ রিপোর্টার : নিজেকে সিআইডি পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আএমপির রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতার যুবকের নাম কাওসার হোসেন তমাল (২৫)। সে রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার দারুশা গ্রামের কামরুজ্জামানের ছেলে। শুক্রবার রাতে নগরীর ঢালুর মোড এলাকা থেকে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার রাজশাহী নগর পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নওগাঁর মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা মোসা. নাসরিন জাহান (২৫) নামের কিশোরীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে কাওসার হোসেনের পরিচিত হন। পরেদিন শুক্রবার সন্ধ্যায় রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে কাউসার নিজেকে ‘এসআই, সিআইডি পুলিশ’ হিসেবে পরিচয় দেয়। এ সময় নাসরিনের সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।
পরে তারা কোর্ট ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার একপর্যায়ে অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে কাউসার নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার হিসেবে দাবি করে। তবে একপর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করে।
এরপর নাসরিন জাহান পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রাজপাড়া থানা পুলিশ নিয়মিত মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।