স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মারুফ কারখী (৩৪) নামের শিক্ষককে ছুরি দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে এক ছাত্রী। টিসি দেওয়ার ‘প্রতিশোধ’ নিতে এ কান্ড ঘটানো হয়। এতে ওই শিক্ষক ঘাড়ে ও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৬ বছর। সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে স্কুল থেকে টিসি দেওয়া হয়।
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন কর্মকর্তা জানান, টিসি দেওয়ার কারণে ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। শিক্ষক মারুফ কারখী বলে কোন কথা নয়, এ স্কুলের শিক্ষক-কর্মকর্তাদের ওপরেই তার ক্ষোভ ছিল। যে কারও ওপর হামলা করার পরিকল্পনা ছিল তার। দুর্ভাগ্যক্রমে শিক্ষক মারুফ কারখী যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন।
তিনি জানান, দুপুরে ওই স্কুলছাত্রী স্কুলের সামনের রাস্তায় এসে অপেক্ষায় ছিল। স্কুল ছুটি হলে শিক্ষক মারুফ কারখী স্কুটি নিয়ে বাসায় যাচ্ছিলেন। ওই সময় সে ‘হেল্প হেল্প’ বলে ডাকতে থাকে। মেয়েটির কোন বিপদ হয়েছে ভেবে ওই শিক্ষক স্কুটি থেকে নেমে তার কাছে যান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার গলা লক্ষ্য করে ছুরি চালায়।
তখন ওই শিক্ষক হাত দিয়ে ছুরিটি ধরার চেষ্টা করেন। এতে তার হাত ও ঘাড় কেটে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে আটকে রেখে স্কুলে খবর দেন। এ সময় স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে ওই শিক্ষকের শরীরে তিনটি সেলাই লাগে। পরে ওই শিক্ষককে বাসায় পৌঁছে দেওয়া হয়।
ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর ওই ছাত্রীর অভিভাবককে ফোন করে ডাকা হয়। অভিভাবক আসার পরে মেয়ের এমন কাণ্ডের কথা জানানো হয়। পরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিনজন স্টাফ তাদের বাসায় পৌঁছে দিয়ে আসেন। তবে এ নিয়ে আইনি কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার পরের একটি ভিডিওতে দেখা যায়, আইনের সঙ্গে সংঘাতে জড়িত মেয়েটি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করছে।
নগরের বোয়ালিয়া থানার ওসি জানান, ঘটনার খবর পেয়েই তিনি পুলিশ পাঠিয়েছিলেন। তখন মেয়েটিকে স্কুলের ভেতরে রাখা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ ভেতরে পুলিশ ঢোকার অনুমতি দেয়নি। তারা নিজেরাই সমাধান করে নেবেন বলে পুলিশকে জানিয়েছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ থানায় কোন অভিযোগও করেনি।