স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুন্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ তথ্যা জানায় র্যাব।
র্যাব জানায়, গ্রেফতার আসামীর নাম জামাদুর ইসলাম (৩৮)। সে রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে এক ছাত্রীকে উত্যক্ত করত তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ (২৭) নামের এক যুবক। গত ২২ জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় শ্রাবণ। তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে শ্রাবণ ধর্ষণ করে।
পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। মামলার পর থেকেই জামাদুর পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।