৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

রাজশাহীতে সংঘবদ্ধ ছিনতাইচক্রের তিন সদস্য গ্রেফতার

Admin Published: March 10, 2026, 5:13 pm
রাজশাহীতে সংঘবদ্ধ ছিনতাইচক্রের তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। এরা হলো, নগরীর শাহমখদুম থানা এলাকার মো. মিলন, চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার সজল হোসেন ও শাকিল হোসেন।এদের মধ্যে মো. মিলনকে গ্রেফতার করেছে র‌্যাব। মিলনের বিরুদ্ধে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশের ওপর হামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে মহানগরের শাহমখদুম থানার এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো সে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য সজল হোসেন ও শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সজল ও শাকিলকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের বসতঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি একপ্রান্ত ধারালো আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা দেশীয় সামুরাই, লোহার তৈরি দুইপ্রান্ত ধারালো দুইটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামিরা পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারী। আসামি সজল ও শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার তাদের অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।