৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষে মুরগি ব্যবসায়ী দুই যুবক নিহত

Admin Published: February 10, 2026, 6:26 pm
রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষে  মুরগি ব্যবসায়ী দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে মুরগি ব্যবসায়ী দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন, মো. নাইম (২০) ও মো. হালিম (২৫)। তারা দুজনই রাজশাহী মহানগরের পূর্ব হড়গ্রাম শেখপাড়ার বাসিন্দা। এদের মধ্যে নাইমের পিতার নাম মিলন ও হালিম মিনারুলের ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বাগমারার তাহেরপুর থেকে মুরগিবোঝাই একটি ভটভটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে তাহেরপুরগামী একটি বালুবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি ও ট্রাকে থাকা চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুরগি ব্যবসায়ী নাইম ও হালিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন। পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।