স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রাক চাপায় নাইম ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনায় অপর আরোহী রোহান ইসলাম (২২) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই বিহাস মোড়ে এ ঘটনা ঘটে। নিহত নাইম নগরের মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন জ্বালিয়ে দেয়।
স্থানীয়রা জানান, নগরের বিমানচত্বর এলাকায় একটি আইটি সেন্টরে অনলাইনে কাজ করতেন নাইম। সে কাজের জন্য তারা মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা হন। পথে চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আাসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। এরপর ওই ট্রাকটির নিচেই চাপা পড়েন নাইম।
নগরীর মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আরেকজন আহত। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। পরে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।