৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে ট্রেনে কেটে নারী ও সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Admin Published: November 30, 2024, 1:55 pm
রাজশাহীতে ট্রেনে কেটে নারী ও সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রেনে কেটে ও সড়ক দুর্ঘটনায় এক নারী ও অপর এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পৃথক এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে নিহতের নাম আরজিনা বেগম (৫০)। শনিবার সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আরজিনা বেগম রাজশাহীর কাটাখালী এলাকার মৃত আবদুস সাত্তারের স্ত্রী। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরজিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে যান।

সকালে হরিয়ান রেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা না কি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই। তাই থানায় একটি অপমৃত্যুর মামলা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বেলা ১০ টার দিকে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এক পথচারী নারীকে বাঁচাতে সড়ক বিভাজকে ধাক্কা দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজশাহীর নওদাপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রাব্বী (৩৬)। তার বাড়ি রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার ছিলেন। নগরের শাহমখদুম থানার ওসি মাহবুব আলম জানান, সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুর উপজেলায় যাচ্ছিলেন রাব্বী। নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক বিভাজকে ধাক্কা দেন। এতে তিনি গুরুত্বর আহত হন।

এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত রাব্বির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।