৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাকসু জিএসকে মানসিক হাসপাতালে ভর্তি করার দাবি ছাত্রদল নেতার

Admin Published: January 19, 2026, 11:47 pm
রাকসু জিএসকে মানসিক হাসপাতালে ভর্তি করার দাবি ছাত্রদল নেতার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করার দাবি জানিয়েছেন রাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনি এ দাবি করেন। 


বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শাকিলুর রহমান সোহাগ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের এই পাগলা কুত্তার কামড়ের হাত থেকে রক্ষা করতে হলে তাকে দ্রুত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হোক অথবা তার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হোক। 


তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি এই পাগলা কুত্তা, এই কুলাঙ্গার আমাদের কলিজার নেতা তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে। যদি তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা না হয়, তাহলে আমরা আগামীতে সালাহউদ্দিন আম্মারকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুত থাকবো।  


মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 



উল্লেখ্য, গতকাল ক্যম্পাসে টাঙানো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির ব্যানার খুলে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। এ ঘটনাকেই কেন্দ্র করে আজ এ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদল।