রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ডোপ টেস্টের জন্য নমুনা গ্রহণ শুরু হয়েছে । আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রার্থীদের ইউরিনের নমুনা দিতে বলা হয়েছে এবং ডোপ টেস্টের যাবতীয় খরচ নির্বাচন কমিশন বহন করবে বলে জানানো হয়েছে। বুধবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের জানানো যাচ্ছে ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত স্ব স্ব পদের বিপরীতে টাকা জমাদানের ব্যাংক স্লিপ প্রদর্শন করে ডোপ টেস্ট-এর নমুনা প্রদান করার জন্য জানানো যাচ্ছে। স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে। প্রার্থীকে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টর থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে।
মোট ৪ দিনে সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে ছাত্রদের বিভিন্ন পদ প্রার্থীদের নমুনা নেওয়া হবে। এর মধ্যে রাকসু ও সিনেট ছাত্র প্রার্থীদের আজ বৃহস্পতিবার, আগামী শনিবার রাকসু ও সিনেট ছাত্রী প্রার্থীসহ রোকেয়া, মন্নুজান, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমাতুন্নেসা এবং জুলাই-৩৬ হলের নমুনা নেওয়া হবে। আগামী রবিবার শেরে বাংলা একে ফজলুল হক, শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা এবং শহীদ হবিবুর রহমান হল সংসদের প্রার্থীদের নমুনা নেওয়া হবে। আগামী সোমবার মতিহার, মাদার বখ্শ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান এবং বিজয়-২৪ হলের প্রার্থীদের নমুনা নেওয়া হবে।
এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, নমুনা জমা দেওয়ার পরদিনই রিপোর্ট পাওয়া যাবে। ১ তারিখ নমুনা দেয়ার শেষ তারিখ এবং ৪ তারিখ মনোনয়নপত্র জমার শেষ তারিখ। সবাই যেন সুষ্ঠুভাবে রিপোর্ট নিয়ে জমা দিতে পারে সে বিষয়টা মাথায় রেখেই মনোনয়নপত্র জমার তারিখ বৃদ্ধি করা হয়েছে।
মনোনয়ন পত্র বিতরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের আজ ৫ম দিনে কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ফরম সংগ্রহ করেছেন ৩৮ জন। এর মধ্যে ১০ জন স্বতন্ত্র প্রার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্যানেলে ২৮ টি ফরম সংগ্রহ করেছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক
সম্পাদক বিষয়ক পদে ১ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক পদে ১ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১ জন এবং সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচনের জন্য ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ছাত্রদল
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আজ বৃহস্পতিবার বিকেল আজ বিকেল ৪টার দিকে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় থেকে কেন্দ্রীয় সংসদের ২৩ টি পদে ও সিনেটের ৫ টি পদে ফরম তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তবে এখনো তারা প্যানেল ঘোষণা করে নি।
ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে কোনো পদ উল্লেখ না করে আজ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সহ-সভাপতি নুরুদ্দীন আবির, জান্নাতুল নাঈম তুহিনা; যুগ্ম সাধারন সম্পাদক জাহীন বিশ্বাস এষা, শাহ মুহাম্মদ কাফী, সামাদ মুবিন, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, সহ-দপ্তর সিয়াম বিন আইয়ুব, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, প্রচার সম্পাদক আর রাফি খান, বিজয় ২৪ হলের সভাপতি গাজী ফেরদৌস হাসান ও শেরে বাংলার সভাপতি এম এইচ জেমসসহ সুপার কমিটি এবং কয়েকটি হল কমিটির নেতারা কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘আজ আমরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা সিনেটের ৫টিসহ মোট ২৮ টি ফরম সংগ্রহ করেছি। আগামী ৪ তারিখে ফরম জমা দিয়ে প্যানেল ঘোষণা করব। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন শুরু থেকে এখন পর্যন্ত অপেশাদার আচরণ করে যাচ্ছে। তাদের দায়িত্বে নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা এখনও শঙ্কিত। এ বিষয়গুলোর সমাধান চাই।’
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, আজ এবং রবিবার পর্যন্ত তারা মনোনয়ন পত্র সংগ্রহ করছেন। প্যানেল গঠনে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করা হবে।