রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ৩১৮ জন শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল সংসদের নির্বাচনেও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে, যেখানে প্রায় ৫৮৩ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন।
রোববার সন্ধ্যায় নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ছয় দিনব্যাপী মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম তফসিল অনুযায়ী শেষ হয়েছে।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে কার্যনির্বাহী সদস্য পদে, যেখানে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া শীর্ষ তিন পদ সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৭ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৮ জন মনোনয়নপত্র নিয়েছেন।
অন্যান্য পদের মধ্যে রয়েছে- সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে ২ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৫ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৫ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন, মহিলা সম্পাদক পদে ৫ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৩ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৯ জন এবং ক্রীড়া সম্পাদক পদে ৭ জন। এসব পদের সহকারী পদের জন্যও একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘মনোনয়নপত্র বিতরণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন থেকে নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত ঘোষিত তফসিলই চূড়ান্ত থাকবে।’