৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

রামেবি ভিসিকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

Admin Published: October 9, 2026, 11:48 am
রামেবি ভিসিকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

ডিএনএন ডেস্ক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তাকারীদের রাষ্ট্র ও জনগণের শত্রু বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, অপরাধীদের কোনো দল বা দলীয় পরিচয় নেই। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।বৃহস্পতিবার রাতে রামেবির উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 


ভূমিমন্ত্রী বলেন, ‘আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। একজন শিক্ষাবিদকে এভাবে লাঞ্ছনা করা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি শোনার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। রাজশাহীতে কোনো মব কালচার সৃষ্টি করতে দেওয়া হবে না।’


এ সময় মন্ত্রী উপাচার্যকে তাঁর চেয়ারে বসিয়ে দেন এবং পরে তাঁর সঙ্গে চা-চক্রে অংশ নেন।


রামেবির অগ্রগতির কথা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অগ্রগতি হয়েছে। হাসপাতালের অনুমোদনও পাওয়া গেছে, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।


ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।


অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা আর দেখতে চাই না।’


এ সময় রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।