স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) সংলগ্ন অন্তত ৪০০ মিটার ব্যাসার্ধ এলাকাকে স্থায়ী ‘ইমার্জেন্সি রেসপন্স জোন’ ঘোষণার দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক স্মারকলিপি দেওয়া হয়েছে।সোমবার নগর ভবনে রাসিক প্রশাসকের কার্যালয়ে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ - ইয়্যাস’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘ভঙ্গী নৃত্য শিল্পালয়’র প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উত্তরবঙ্গের প্রায় দুই কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার মূল কেন্দ্রবিন্দু রামেক হাসপাতালে প্রতিদিন গড়ে ১৩ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা নিতে আসেন। অথচ এই সংবেদনশীল সরকারি প্রতিষ্ঠানের প্রধান ফটক, জরুরি বিভাগ, বহির্বিভাগ (আউটডোর) গেট এবং লক্ষীপুর মোড় থেকে ঘোষপাড়া মোড় ও সি অ্যান্ড বি মোড়-গ্রেটার রোড সংযোগ সড়কের ফুটপাত ও মূল রাস্তা বর্তমানে অবৈধ টং দোকান, খাবারের হোটেল এবং অনিয়ন্ত্রিত যান পার্কিংয়ের দখলে চলে গেছে। এতে আশঙ্কাজনক রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোকে ১০ থেকে ২৫ মিনিট যানজটে আটকে থাকতে হয়, যা মুমূর্ষু রোগীর প্রাণরক্ষায় চিকিৎসাবিজ্ঞানের ‘গোল্ডেন আওয়ার’ নষ্ট করছে।
স্মারকলিপিতে বলা হয়, জনস্বাস্থ্য ও জীবনের মৌলিক অধিকার সুনিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। স্মারকলিপিতে বলা হয়, লক্ষীপুর মোড় থেকে ঘোষপাড়া মোড় এবং সিঅ্যান্ডবি মোড় থেকে গ্রেটার রোড সংযোগ সড়কসহ রামেক হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগ গেটের ৪০০ মিটার ব্যাসার্ধ এলাকাকে স্থায়ীভাবে ‘নো-হকার ও নো-পার্কিং ইমার্জেন্সি রেসপন্স জোন’ ঘোষণা করার দাবি জানানো হয়। এছাড়া অবৈধ স্থাপনা অপসারণ, জরুরি ফটকের সামনে এলোপাতাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করে শুধুমাত্র রোগীবাহী গাড়ি থামার সুনির্দিষ্ট ‘ড্রপ-অফ জোন’ নিশ্চিত করাও দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে ইয়্যাসের প্রতিষ্ঠাতা মো. শামীউল আলীম শাওন বলেন, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।