৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রামেক হাসপাতালে চিকিৎসাধিন দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

Admin Published: November 14, 2025, 6:21 pm
রামেক হাসপাতালে চিকিৎসাধিন দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ওয়ার্ড ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তাদের মৃত্যু হয়।

এরা হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার মো. মিঠু (৩০) ও নাওগাঁর সাবিহা (৫৬)। শুক্রবার দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গুর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালে মিঠুকে ভর্তি করেন তার স্বজনরা। তিনি পাঁচ দিন ধর জ্বরে ভুগছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, গেল ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন সাবিহা। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একইদিন সকালে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে  (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।  

হাসপাতাল সূত্র জানায়, রামেকে বর্তমানে ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।