স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে।এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) ও রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রাফিয়া ডেঙ্গু নিয়ে ১৭ আগস্ট থেকে এবং আইয়ুব ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে মারা যান। আর আইয়ুব মারা গেছেন সকাল ৭টা ৪০ মিনিটে।
এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো রামেক হাসপাতালে। বর্তমানে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।