২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

Admin Published: September 22, 2024, 5:43 pm
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত নারীর নাম শাকিলা (২০)। তিনি রাজশাহীর বাগমারা এলাকার বাসিন্দা। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিক্যালে আসেন ওই গৃহবধূ। এ সময় শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই মারা যান শাকিলা। ডা. শংকর কে বিশ্বাস বলেন, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই চিকিৎসক আরও বলেন, প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে। রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে। 

রামেক হাসপাতাল সূত্র জানায়, রবিবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জন চিকিৎসাসেবা নিচ্ছেন।