স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কবির হোসেন (৩৭) নামের এক ডেঙ্গ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয় বলে বুধবার হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বসিন্দা ছিলেন।
হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, গত ১৯ জুন হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মৌসুমে মোট ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।