১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

রামেকে রোগী ধরা দালাল চক্রের ৭ সদস্যের জেল

Admin Published: September 23, 2026, 5:34 pm
রামেকে রোগী ধরা দালাল চক্রের ৭ সদস্যের জেল

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলুব্ধ করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে এসআরবি-৫-এর একটি দল।

অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ ও প্রতারণা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত চক্রটির সদস্যরা। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এসআরবি-৫-এর মেজর কবির বলেন, রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।