৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

রাষ্ট্রের কাছে যে দাবি জানালেন হাদির স্ত্রী

Admin Published: January 16, 2026, 6:43 pm
রাষ্ট্রের কাছে যে দাবি জানালেন হাদির স্ত্রী

ডিএনএন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারই একমাত্র দাবি বলে মন্তব্য করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ‘রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায়বিচার।’


এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোন প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না! প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যেকোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে?’ 


তিনি লেখেন, ‘ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটো লাইন বলেছিলেন—সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এতটুকুই বলা, আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না! জাস্ট মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’ 


হাদির  স্ত্রী লেখেন, ‘ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো—আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।’


তিনি লেখেন, ‘আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন। তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোনগুলোর মনের অবস্থা কী এখন! যাদের কাছে ভাই ছিল ২৪ ঘণ্টা ছায়ার মতো তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে! ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলত, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনগুলোরে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করব না।’


রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি বলতেন দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত। ইনকিলাব জিন্দাবাদ।’